মাদক ও ইভটিজিং থেকে দূরে রাখতে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ প্রতিযোগিতাকে সামনে রেখে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেছেন, খেলাধুলা শিশুদের সুস্থ রাখার পাশাপাশি তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭। এরই ধারাবাহিকতায় সারা দেশে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ উদ্যোগের অংশ হিসেবে জকিগঞ্জের শিশু-কিশোরদেরও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এক বার্তায় ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে। একই সঙ্গে মাদক, ইভটিজিংসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকতে সহায়তা করে। একজন ভালো খেলোয়াড় নিজের, পরিবারের, সমাজের এমনকি দেশের সম্মানও বয়ে আনেন। খেলাধুলার মাধ্যমে একজন খেলোয়াড় ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও পান।
তিনি আরও বলেন, শিশুদের প্রতিভা বিকাশের জন্য ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জকিগঞ্জের সব অভিভাবকের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে ইউএনও বলেন, ‘আপনার সন্তানকে সকল প্রকার খেলাধুলায় অংশগ্রহণ করানোর জন্য সকল সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর প্রকাশিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ইউনিয়ন, পৌরসভা, থানা ও অঞ্চলের দল গঠনের কার্যক্রম চলবে। ৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উদ্বোধন ও প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর ১ থেকে ৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ ও দল গঠন, ১০ থেকে ২০ জানুয়ারি জেলা পর্যায়ের প্রতিযোগিতা এবং ২১ থেকে ২৫ জানুয়ারি জেলা পর্যায়ের প্রশিক্ষণ ও দল গঠনের পরিকল্পনা রয়েছে। ২৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক পর্যায়ের প্রশিক্ষণ ও দল গঠন চলবে ১৫ থেকে ২০ মার্চ পর্যন্ত। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য সময় ২০২৭ সালের মার্চের চতুর্থ সপ্তাহ থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ। জাতীয় পর্যায়ে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের মে থেকে জুন ২০২৭ পর্যন্ত বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে।
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের এ উদ্যোগ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


