মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জের কলাকুটায় কাবাডি, লুডু ও গাফলা খেলার টুর্নামেন্ট বৃহস্পতিবার

কাবাডির চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকার প্রাইজবন্ড, রানার্সআপ ২০ হাজার


নিজস্ব প্রতিবেদক
কালীগঞ্জের কলাকুটায় কাবাডি, লুডু ও গাফলা খেলার টুর্নামেন্ট বৃহস্পতিবার

মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কাবাডি, লুডু ও গাফলা খেলার টুর্নামেন্ট আয়োজন করেছে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জের শাহজালালপুর যুব সমাজ।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) কালীগঞ্জের কলাকুটা পূর্বে তালতলাসংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

‘মাদক ও জুয়ার অন্ধকার ছেড়ে খেলার মাঠে আসুন, সুন্দর সমাজ গড়ুন’ স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টে থাকছে তিনটি খেলার প্রতিযোগিতা। এর মধ্যে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকার এবং রানার্সআপ দলের জন্য ২০ হাজার টাকার প্রাইজবন্ড ঘোষণা করেছেন আয়োজকেরা। এ খেলায় অংশগ্রহণের জন্য দলপ্রতি এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা।

অন্যদিকে, লুডু ও গাফলা খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে দুটি নতুন বাটন মোবাইল ফোন এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি বাটন মোবাইল ফোন। এ দুই খেলায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি ১০০ টাকা।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট জেলা বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেলের। খেলার উদ্বোধন করবেন সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল হক চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা পরিচালনা করবেন সুহেল আমীন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও জুয়ার আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

টুর্নামেন্টে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭৪১২১৫৯৩৫ ও ০১৭৩৫৬০৪৭৮৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।