মূল কনটেন্টে যান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

টাইব্রেকারে সিঙ্গাপুরকে টপকে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ


খেলা ডেস্ক
খেলা ডেস্ক
টাইব্রেকারে সিঙ্গাপুরকে টপকে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
সিঙ্গাপুরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মাঠে সিজদা আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা

আজারবাইজানের বাকুতে চলমান ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুর অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকার লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলার দ্বাদশ মিনিটে ফরোয়ার্ড রাতুলের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধের বাকি সময় এই ১-০ গোলের লিড ধরে রাখে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় সিঙ্গাপুর। নির্ধারিত সময়ের বাকি অংশে উভয় দল আর কোনো গোলের দেখা না পাওয়ায় ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

এরপর ম্যাচের ফল নির্ধারণের জন্য খেলা গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে নির্ভুল শট নিয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল। এর আগে শেষ ৩২-এর ম্যাচে সেশেলসের বিপক্ষেও ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল দলটি।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বিশ্বের ১৯১টি দেশের দল অংশ নিচ্ছে। ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে আটজনের স্কোয়াডে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিটি অর্ধে খেলার সময় নির্ধারিত রয়েছে ২০ মিনিট। গ্রুপ পর্বে ‘জি’ গ্রুপে ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজির বিপক্ষে লড়াই করে এক জয়, দুই ড্র ও দুই হারে পাঁচ পয়েন্ট সংগ্রহ করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের বিশেষ কাঠামোর নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শেষে কোনো দল সরাসরি বিদায় না নেওয়ায় দলগুলো বিভিন্ন টিয়ার বা স্তরে নিজেদের অবস্থান নির্ধারণের ম্যাচ খেলছে। এই ধারাবাহিকতায় নকআউট পর্বের বৈতরণী পার হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।