মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা ‎


কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা ‎

সিলেটের কানাইঘাটে পূর্ব শত্রুতার জেরে শাহাব উদ্দিন (৩০) নামের এক সিএনজি চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সুরইঘাট বাজার সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে নিহত শাহাব উদ্দিন ও তার ভাই এনাম উদ্দিনের সাথে একই গ্রামের মুজন আলীর ছেলে শাহরিয়ারের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় এনাম উদ্দিন আহত হন। পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরব্বিরা সালিশ বৈঠকের উদ্যোগ নেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

‎এরই জের ধরে মঙ্গলবার সকালে শাহাব উদ্দিন সিএনজি নিয়ে বাড়ি ফেরার পথে সোনাতনপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহরিয়ার, তার ভাই ইয়াহিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

‎স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্তের পিতা মুজন আলীসহ দুইজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

‎তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সিএনজির সিরিয়াল নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।