মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক

নিরাপত্তায় মোতায়েন ৮ প্লাটুন বিজিবি সদস্য


জুবায়ের আহমদ
সম্পাদক
জকিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক
জকিগঞ্জের তেলিকান্দিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় মন্ডপ পরিদর্শন শেষে প্রেসব্রিফিং করছেন জকিগঞ্জ ব্যাটেলিয়ান ১৯ বিজিবির পরিচালক লে. কর্ণেল সোহেল আলম পিবিজিএম

জকিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিকান্দি এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সোহেল আলম।

এ সময় তিনি সীমান্তবর্তী জনপদের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেন। শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পূজার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১৩১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৮১ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত ৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ উপজেলায় একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

এ ছাড়া পূজাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি সদস্যরা এনটিএমসি কর্তৃক প্রস্তুত করা ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।

পরে ব্যাটালিয়ন অধিনায়ক খলাছড়া ইউনিয়নের বিত্তলাল বিশ্বাসের বাড়ির পূজামণ্ডপ এবং সদরপুর গ্রামের কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে মণ্ডপগুলোর দায়িত্বশীলদের হাতে ফল ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। মণ্ডপের দায়িত্বশীলরা বিজিবি অধিনায়ককে অভ্যর্থনা জানান এবং তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এ বছর সিলেট জেলার মধ্যে সর্বোচ্চ ৯৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে জকিগঞ্জ উপজেলায়।