
চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র চা-দোকানে বসে বন্ধুদের দিয়ে মূল্যায়নের অভিযোগ উঠেছে সিলেট শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি দোকান থেকে বাংলা দ্বিতীয় পত্রের এক বস্তা খাতা উদ্ধার করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
অভিযুক্ত পরীক্ষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ শাবিপ্রবির প্রধান ফটকের পাশের একটি চা-দোকানে চালের বস্তায় করে আনা এইচএসসির উত্তরপত্র নিয়ে বসেন প্রভাষক ইকবাল। সে সময় তিনি নিজে খাতা দেখার পাশাপাশি তার সাথে থাকা দুজন বন্ধুকেও উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যায়।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের কর্তাব্যক্তিরা উপস্থিত হন এবং পুলিশি সহায়তায় উত্তরপত্রগুলো নিজদের হেফাজতে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, এক পরীক্ষক প্রকাশ্যে পাবলিক প্লেস বন্ধুদের নিয়ে বোর্ডের খাতা দেখছিলেন এমন সংবাদ পেয়ে বোর্ড কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়। উদ্ধার করা খাতাগুলো বর্তমানে বোর্ডের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, অভিযুক্ত শিক্ষককে সাথে নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থানায় এসেছিলেন। এ ঘটনায় বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে উক্ত শিক্ষককে বোর্ডের কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।