
সিলেটের কানাইঘাটে এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নাম শাহ আলম (২২)। সে উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের হিম্মতের মাটি গ্রামের আব্দুস শহিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ সকাল ৯টার দিকে উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের ছত্রনগর জামে মসজিদের সামনে জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে আসামী শাহ আলম ও তার এক সহযোগী সিএনজি চালক তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়।
এরপর তাকে কানাইঘাট বাজারের একটি হোটেলের দ্বিতীয় তলায় নিয়ে ১৫ জুলাই থেকে ১৯ জুলাই সকাল পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই মো. হাফিজুর রহমান।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই মো. হাফিজুর রহমান রবিবার, ২০ জুলাই ২০২৬ রাতে অভিযান চালিয়ে আসামী শাহ আলমকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।