
বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টে নতুন নকশা যুক্ত করছে সরকার। এই নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্থান পাচ্ছে। এর অংশ হিসেবে পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে থাকছে জুলাই শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন নকশার ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে সংযোজন করা হবে।
নতুন নকশায় শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শনও স্থান পেয়েছে। পাসপোর্টের বিভিন্ন পাতায় থাকবে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের জলছাপ।
প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরতে ব্যবহার করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত ও ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির ছবি। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ এই ঘোষণা বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।