মূল কনটেন্টে যান
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের ১০০ মিটারে তামাক বিক্রি করলেই ৫ হাজার টাকা জরিমানা


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
InShot 20251231 233503490 ezgif.com jpg to webp converter
InShot 20251231 233503490 ezgif.com jpg to webp converter

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশুপার্কের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে তামাকের সহজলভ্যতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে এসব স্থাপনার ১০০ মিটারের মধ্যে বিড়ি-সিগারেটসহ যেকোনো তামাকজাত দ্রব্য বিক্রি করলে গুনতে হবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা। জরিমানার এই বিধানকে প্রধান্য দিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশটি কার্যকর করা হয়েছে।

‎নতুন এই আইনের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানাকে তামাকমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব সীমানার ১০০ মিটারের ভেতর কোনো ব্যক্তি তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না এবং অন্য কাউকে দিয়েও তা করাতে পারবেন না। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। তবে জরিমানার কঠোরতা এখানেই শেষ নয়; যদি কেউ একই অপরাধ দ্বিতীয়বার করেন বা বারবার এই নিয়ম অমান্য করেন, তবে তাকে দ্বিগুণ হারে শাস্তি প্রদান করা হবে।

‎২০০৫ সালের মূল তামাক নিয়ন্ত্রণ আইনটি সংশোধন করে এই নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে মূলত নতুন প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে। সরকার চাইলে ভবিষ্যতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে এই ১০০ মিটারের নিষিদ্ধ সীমানা আরও বৃদ্ধি করতে পারবে বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, জরিমানার এই বিধান কঠোরভাবে কার্যকর করা গেলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ধূমপানের প্রবণতা অনেকটাই কমে আসবে।