
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের নির্বাচনী লড়াইয়ে এক অনন্য কৌশলী অবস্থান নিয়েছে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পরিবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তাহসিনা রুশদীর লুনা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে তারা প্রথম মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বিকেলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পৃথকভাবে নিজেদের মনোনয়নপত্র হস্তান্তর করেন মা ও ছেলে।
নির্বাচনী মাঠে একই আসন থেকে পরিবারের দুই সদস্যের এই অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এই পদক্ষেপকে স্রেফ একটি ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি আমাদের একটি কৌশলের অংশ মাত্র।”
দীর্ঘ ১৭ বছর পর সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লুনা আরও বলেন, “আমরা আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের প্রতি অনুরোধ থাকবে, সবাই যেন কেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করেন।” বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানই দেশের নেতৃত্ব দেবেন এমন প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।