পাকিস্তানের করাচিতে অবস্থিত উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচির দাওরায়ে হাদিস বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী নুরুল আমিন উসামা (উসামা বিন আফজাল)। একই সঙ্গে পুরো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে এ কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশের এই শিক্ষার্থী।
সম্প্রতি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিজাহুল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন উসামা। পুরস্কার হিসেবে তাঁকে মূল্যবান বিভিন্ন কিতাব, নগদ অর্থ, এক সেট পোশাক এবং তিন মাসের জন্য দ্বিগুণ মাসিক ভাতা দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরস্কার হিসেবে দেওয়া কিতাবগুলোর মূল্য প্রায় ২৫ হাজার পাকিস্তানি রুপি। নগদ অর্থ ও অন্যান্য উপহারসহ পুরস্কারের মোট মূল্য ৩০ হাজার টাকার বেশি।
বাংলাদেশের আরও কয়েকজনের কৃতিত্ব
একই পরীক্ষায় ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে বাংলাদেশের আরও কয়েকজন শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন। দাওরায়ে হাদিস বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের খালেদ হাসান। ইফতা সালে আউয়ালে প্রথম হয়েছেন রহমতুল্লাহ এবং ইফতা সালে দুয়ামে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শাব্বির আহমাদ। এ ছাড়া দাওয়াহ বিভাগের দ্বিতীয় বর্ষে প্রথম হয়েছেন হাসসান হায়দারি এবং প্রথম বর্ষে প্রথম স্থান অর্জন করেছেন সালমান আহমাদ।
একই প্রতিষ্ঠানে নাইবে মুফতি বাংলাদেশের মুফতি আব্দুল মান্নান
জামিয়া দারুল উলুম করাচিতে বাংলাদেশের শিক্ষার্থীদের এমন সাফল্যের পাশাপাশি একই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আরেক কৃতী আলেম মাওলানা মুফতি আব্দুল মান্নান। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ বিভাগ দারুল ইফতার নাইবে মুফতি (উপপ্রধান মুফতি) হিসেবে দায়িত্ব পালন করছেন। দারুল ইফতার প্রধান মুফতি হলেন শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
মুফতি আব্দুল মান্নান বাংলাদেশের কওমি শিক্ষাঙ্গনের একজন কৃতী আলেম। জামিয়া দারুল উলুম করাচিতে অধ্যয়নকালে অসাধারণ মেধার পরিচয় দিয়ে তিনি প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তী সময়ে তাঁর মেধা, প্রজ্ঞা ও ফিকহি যোগ্যতায় মুগ্ধ হয়ে মুফতি তাকি উসমানি তাঁকে নিজের ব্যক্তিগত সচিব হিসেবে মনোনীত করেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের প্রধান বিচারপতি হিসেবে মুফতি তাকি উসমানি দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় প্রণয়নে মুফতি আব্দুল মান্নানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে মুফতি তাকি উসমানির প্রদত্ত অধিকাংশ রায়ের লেখক হিসেবে তাঁর অবদানের কথা উল্লেখ করা হয়। বর্তমানে তিনি দারুল উলুম করাচির দারুল ইফতার দ্বিতীয় সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে কাজ করছেন।
মুফতি আব্দুল মান্নানের এই অবস্থান আন্তর্জাতিক ইসলামি শিক্ষাঙ্গনে বাংলাদেশি আলেমদের মেধা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তাঁর মতো একজন বাংলাদেশি আলেমের একই প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের দায়িত্ব পালন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য বাংলাদেশের কওমি অঙ্গনের জন্যও গৌরবের বিষয়।
উসামার শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা
নুরুল আমিন উসামার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঝাটিয়াপাড়া গ্রামে। তিনি একজন হাফেজে কোরআন। তাঁর বাবা মাওলানা আফজালুর রহমান ফেনীর দারুল উলুম শর্শদির শাইখুল হাদিস ও সদর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশে শিক্ষাজীবনে উসামা ঢাকার জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মুহাম্মদপুর থেকে তাকমিল সম্পন্ন করেন। আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের বোর্ড পরীক্ষায় সারা দেশে মেধাতালিকায় নবম স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া আহমাদস এডুকেশন থেকে ডিপ্লোমা ইন ইংলিশ কোর্সও সম্পন্ন করেছেন।
চলতি বছর উচ্চতর ইসলামি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে পাকিস্তানে গিয়ে জামিয়া দারুল উলুম করাচির দাওরায়ে হাদিস বিভাগে ভর্তি হন উসামা। প্রতিষ্ঠানটিতে এটিই তাঁর প্রথম শিক্ষাবর্ষ। আগামী বছর একই প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদি তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (ইসলামি আইন ও ফতোয়াবিষয়ক উচ্চতর বিশেষায়িত শিক্ষা) সম্পন্ন করার ইচ্ছা রয়েছে তাঁর।
উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান
উল্লেখ্য, ১৯৫১ সালের জুন মাসে প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ শফি ও নূর আহমদের উদ্যোগে জামিয়া দারুল উলুম করাচি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৯৫৭ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠানটি করাচির কোরাঙ্গি এলাকায় স্থানান্তরিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।
বর্তমানে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্বের ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে হাদিস, ফিকহ, ইসলামি আইন ও ইসলামি অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থী নুরুল আমিন উসামার এমন সাফল্য দেশের কওমি মাদরাসা অঙ্গনে আনন্দের খবর হিসেবে বিবেচিত হচ্ছে। একই প্রতিষ্ঠানে মুফতি আব্দুল মান্নানের মতো একজন বাংলাদেশি আলেমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল আন্তর্জাতিক ইসলামি শিক্ষাঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার পরিচয় বহন করছে।


