
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সিলেট সফরের খবর আসতেই যেন টনক নড়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। শুক্রবার মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের আগের রাতে হঠাৎ করেই শুরু হয়েছে হাসপাতালজুড়ে ব্যাপক ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
বৃহস্পতিবার গভীর রাতে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের করিডোর ও দেয়াল পরিষ্কারে ব্যস্ত কর্মীরা। বালতি ভরা পানি, ব্রাশ ও ঝাড়ু নিয়ে জং ধরা জানালা ও দেয়াল ঘষে পরিষ্কার করা হচ্ছে। মেঝেতে পানি ঢেলে ঘষে-মেজে পরিচ্ছন্ন করার কাজও চলছিল রাত পর্যন্ত।
হাসপাতালের যেসব করিডোর ও বিভিন্ন অংশে নিয়মিত ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়, সেগুলোই মন্ত্রীর পরিদর্শনের কয়েক ঘণ্টা আগে পরিচ্ছন্ন করার এই তোড়জোড় নজরে আসে।
সাধারণ রোগী ও স্বজনদের অভিযোগ, নিয়মিত তদারকির অভাবে হাসপাতালের বিভিন্ন অংশে প্রায়ই অপরিচ্ছন্ন পরিবেশ থাকে। তবে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা মন্ত্রীর পরিদর্শনের খবর এলেই সংশ্লিষ্ট এলাকায় রাতারাতি পরিচ্ছন্নতার তৎপরতা বেড়ে যায়।
এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, মন্ত্রী আসার আগে যদি হাসপাতাল পরিষ্কার করা সম্ভব হয়, তাহলে বছরের অন্য সময়েও নিয়মিতভাবে একইভাবে পরিচ্ছন্ন রাখা উচিত। এতে রোগী ও স্বজনদের জন্য হাসপাতালের পরিবেশও ভালো থাকবে।
আরেক রোগীর স্বজনের ভাষ্য, পরিদর্শনের সময়ের জন্য সাময়িকভাবে হাসপাতাল পরিষ্কার না করে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন। কারণ প্রতিদিনই এখানে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের। একই দিনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও পরিদর্শন করবেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর এই সফরের কয়েক ঘণ্টা আগে গভীর রাত পর্যন্ত ওসমানী হাসপাতালজুড়ে চলা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিয়েই এখন রোগী ও স্বজনদের মধ্যে চলছে আলোচনা।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।