
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে একটি মার্কেট দখলের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী সারওয়ার হুসেইন চৌধুরী রাজা (৫১) বুধবার (১৭ ডিসেম্বর) জকিগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ইসলামখানী (খলাদাফনিয়া) গ্রামের বাসিন্দা।
জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জ বাজারে বাদীর মালিকানাধীন ‘সওদাগর মার্কেট’ দখলের উদ্দেশ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মার্কেটটি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকি দেয়।
জিডির ভাষ্যমতে, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত নুরুল ইসলাম খান নুরু, শিহাব উদ্দিন, শামীম আহমদ, হবিব আহমদ, মখলিছুর রহমান, ফখরুল ইসলাম, জুয়েল আহমদসহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো দা, লোহার রড ও চাকুসহ অস্ত্র নিয়ে বেআইনিভাবে মার্কেটের ভেতরে প্রবেশ করে সারওয়ার হুসেইন চৌধুরী রাজাকে ঘিরে ধরে। এ সময় তারা দাবিকৃত চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
জিডিতে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর অভিযুক্ত নুরুল ইসলাম খান নুরু ও শিহাব উদ্দিন মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করে ভুক্তভোগী ও তার স্বজনদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “আজ ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।