মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হয়ে উঠছে গুগলের এআই ‘জিমিনি’


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হয়ে উঠছে গুগলের এআই ‘জিমিনি’

গুগলের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিমিনি’ ইদানীং দেশের শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পাঠ্যবইয়ের কঠিন প্রশ্নের সমাধান খোঁজা থেকে শুরু করে যেকোনো বিষয় সহজভাবে বুঝে নিতে শিক্ষার্থীরা এই প্রযুক্তি ব্যবহার করছেন। বিশেষ করে জিমিনিতে বিনা মূল্যে আনলিমিটেড চ্যাট করার সুবিধা থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এর ব্যবহার দ্রুত বাড়ছে।

‎এইচএসসি পরীক্ষার্থী মিজান জানান, জিমিনি তার পড়াশোনার প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছে। কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে সেটির ছবি তুলে পাঠালে জিমিনি তা সুন্দরভাবে ব্যাখ্যা করে দেয়। তবে মিজান আরও যোগ করেন, মাঝেমধ্যে তথ্য প্রদানে জিমিনি ভুল করে থাকে এবং অনেক সময় ছবির ভেতরের লেখাও সঠিকভাবে শনাক্ত করতে পারে না। এই সীমাবদ্ধতাগুলো দূর করলে এটি আরও বেশি কার্যকর হবে বলে তিনি মনে করেন।

‎অন্যদিকে, দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী শামীম আহমদ বন্ধুদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার শুরু করেছেন। ইংরেজি ব্যাকরণসহ পড়ার নানা জটিল বিষয়ে জিমিনির সহায়তা পাচ্ছেন তিনি। তবে কিছু অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি কাজ না করায় তার অনেক বন্ধু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে শামীম জানান। তিনি মনে করেন, সব ধরনের ডিভাইসে অ্যাপটির সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন।

‎সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা জানান, শিক্ষকের অনুপস্থিতিতে বাড়িতে কোনো বিষয় বুঝতে না পারলে তিনি জিমিনির সাহায্য নেন। বাজারে বিদ্যমান অন্যান্য এআই মডেলগুলোতে চ্যাট করার বা ছবি আপলোড করার নির্দিষ্ট সীমা থাকলেও জিমিনিতে তেমন কোনো সীমাবদ্ধতা নেই। এই আনলিমিটেড সুবিধার কারণেই এটি ব্যবহারে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মূলত সহজ ইন্টারফেস এবং ছবির মাধ্যমে তথ্য আদান-প্রদানের সুবিধা শিক্ষার্থীদের এই নতুন প্রযুক্তির দিকে আরও বেশি আগ্রহী করে তুলছে।