
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের সরকারি প্রতিনিধি হিসেবে এই রাষ্ট্রীয় শোকে যোগ দিতে জুলাইয়ের শুরুতেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের তেহরান, কোম, মাশহাদ এবং পার্শ্ববর্তী দেশ ইরাকে খামেনির জানাজা ও দাফনের যাবতীয় ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সূচি নির্ধারণ করা হয়েছে। স্পিকার এই সময়সূচি অনুযায়ী নির্ধারিত পর্বগুলোতে অংশ নেবেন।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজের কার্যালয়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযানে ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এই হত্যাকাণ্ডের পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি জারি করেছিল। দীর্ঘ প্রস্তুতি ও নানা প্রক্রিয়া শেষে আগামী জুলাই মাসে তার দাফনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কেবল রাজধানী তেহরানের জানাজাতেই ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পুরো দেশ মিলিয়ে এই সংখ্যা দাঁড়াবে কয়েক কোটিতে। দেশটির গণমাধ্যমগুলো এই বিদায় পর্বকে ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকযাত্রা হিসেবে আখ্যা দিচ্ছে। খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারতসহ বিভিন্ন বন্ধুভাবাপন্ন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে তেহরান।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।