মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

‎মানিকের জাদুকরী গোল নেপালকে বিদায় দিয়ে সাফের ফাইনালে বাংলার যুবারা


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
‎মানিকের জাদুকরী গোল নেপালকে বিদায় দিয়ে সাফের ফাইনালে বাংলার যুবারা

‎সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বুধবার মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করে।

‎ম্যাচের শুরু থেকেই নেপালকে কোণঠাসা করে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের যুবারা। সপ্তম মিনিটে লিড নেওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেন নাজমুল হুদা ফয়সাল। মুরশেদ আলীর দারুণ এক পাস থেকে ডি-বক্সে বল পেলেও ফয়সাল লক্ষ্যভ্রষ্ট শট নেন। গোলপোস্টের সামনে রোনান সুলিভান ফাঁকায় থাকলেও তাকে পাস না দিয়ে নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফয়সাল। তবে সেই আক্ষেপ ঘুচতে বেশি সময় লাগেনি। এর ঠিক চার মিনিট পরেই, অর্থাৎ ম্যাচের ১১ মিনিটে লিড নেয় বাংলাদেশ। নিজের নেওয়া কর্নার কিক থেকে চমৎকার এক ক্রস বাড়ান মুরশেদ আলী। ডি-বক্সের জটলার ভেতর থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান মোহাম্মদ মানিক।

‎পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে নেপাল। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় তারা সফল হতে পারেনি। অন্যদিকে আত্মবিশ্বাসী বাংলাদেশ ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে। এর মধ্যে রোনান একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধের ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও উভয় দল আক্রমণ ও প্রতি-আক্রমণে ম্যাচ জমিয়ে তুললেও জালের দেখা পায়নি কেউ। নেপাল সমতায় ফিরতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এবং বাংলাদেশও ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে, তবে স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। ফলে মানিকের করা জয়সূচক গোলে মাঠ ছেড়ে শিরোপার লড়াইয়ে উত্তীর্ণ হয় বাংলাদেশ।