মূল কনটেন্টে যান
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে দুই ভাইয়ের ঘরে ডাকাতি, সাড়ে ৯ ভরি স্বর্ণ লুট


জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে দুই ভাইয়ের ঘরে ডাকাতি, সাড়ে ৯ ভরি স্বর্ণ লুট
উত্তরকুলের ডাকাতি হওয়া একটি ঘরে মালামাল তছনছ অবস্থায় রয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল নগদ টাকা ও প্রায় সাড়ে ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক ব্যবসায়ী শামীম আহমদকে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন মাস্টারের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা এবং তাঁর সহোদর ভাই শামীম আহমদের ঘর থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

গুরুতর আহত শামীম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করতে স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

একই রাতে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতি ও ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় উত্তরকুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ডাকাতদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।