একজন ইমামের বিদায় কখনো শুধু দায়িত্ব ছাড়ার ঘটনা নয়, সেটি হয়ে ওঠে একটি জনপদের আবেগ, স্মৃতি আর ভালোবাসার বহিঃপ্রকাশ। সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর পূর্ব দক্ষিণ জামে মসজিদে শুক্রবার ঠিক এমনই এক আবেগঘন দৃশ্যের জন্ম হয়। দীর্ঘ ৩৫ বছর ইমামতি শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন মসজিদের প্রবীণ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক লালোপাড়ী।
বাদ জুম্মা আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় ভালোবাসা আর শ্রদ্ধার এক মিলনমেলায়। গ্রামের প্রবীণ, যুবক, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ প্রিয় হুজুরকে বিদায় জানাতে উপস্থিত হন। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল না বলা বেদনার ছাপ।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিনের ইমামতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে দায়িত্বের অবসান হলেও এলাকাবাসীর হৃদয়ে তাঁর অবস্থান যে অমলিন থাকবে, সেটিই যেন ফুটে ওঠে পুরো আয়োজনে।
‘মোস্তাক-সাব্বির যেখানে কাজ করবেন, সেখানেই প্রশ্ন উঠবে’ : বিএনপি সভাপতি শফিকুর রহমান১৭ অক্টোবর ২০২৬মাওলানা আব্দুল মালিক লালোপাড়ী শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন এলাকার দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের অন্যতম পথপ্রদর্শক। তাঁর কণ্ঠের আজান আর নসিহত শুনে বড় হয়েছে একাধিক প্রজন্ম। তাঁর হাতে কোরআনের শিক্ষা নিয়েছে অসংখ্য শিশু-কিশোর।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি চলে গেলেও আমার মন পড়ে থাকবে এই এলাকার মানুষের কাছেই। তোমরা লেখাপড়া চালিয়ে যাবে, দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে যেও না।”
তিনি আরও বলেন, “মক্তবগুলোকে আবার সচল ও প্রাণবন্ত করতে হবে। প্রতিটি শিশুকে কোরআনের শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে হবে।”
এ সময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত এলাকাবাসী, অসুস্থ ব্যক্তি ও কবরবাসী সকলের জন্য দোয়া করেন এবং দীর্ঘদিন পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তাঁর এক সাবেক ছাত্র বলেন, “তিনি শুধু আমাদের ইমাম ছিলেন না, ছিলেন একজন আদর্শ মানুষ। তাঁর কাছ থেকে আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিকতা ও শিষ্টাচারও শিখেছি।”
অনুষ্ঠানের শেষপর্যায়ে তাঁর সুস্থতা, নেক হায়াত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পুরো পরিবেশ হয়ে ওঠে আরও আবেগঘন।
উল্লেখ্য, মাওলানা আব্দুল মালিক লালোপাড়ী এর আগে দীর্ঘ ৩০ বছর ৫ মাস পাশ্ববর্তী শীতলজুড়া জামে মসজিদে ইমামতি করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসায় দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন।


