জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাজার সংলগ্ন কৃষিজমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিপণনের উদ্দেশ্যে পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা, পরিবহন ও বিপণনের অভিযোগে একটি ভেকুসহ একটি মাটির ট্রলি জব্দ করা হয়।
মোবাইল কোর্টে দায়েরকৃত দুটি মামলায় দুইজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।



