
সিলেটের বিশ্বনাথে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ মেধাবৃত্তির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ও বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবই নির্ভর হলে চলবে না। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি জ্ঞানার্জনের পরিধি বাড়াতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সচেতন ভূমিকা জরুরি।
রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু দে, শাহজালাল মডার্ণ একাডেমির প্রিন্সিপাল কবি এইচ এম আরশ আলী।
এছাড়া আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও ব্যবসায়ী নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলার সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ।
উল্লেখ্য, সম্প্রতি আয়োজিত আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির মোট ৪১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।